রাজধানীর তেজগাঁও এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার কিছু পরে বসুন্ধরা সিটি শপিং মলের ঠিক পেছনে তেজতুরি বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।এ সময় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তেজতুরি বাজারের স্টার কাবাবের পাশের একটি গলিতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।
গুলির শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।আহত আনোয়ার হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনে কাজ শুরু হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।তবে ঠিক কী কারণে এই হামলা হয়েছে—ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কোনো দ্বন্দ্ব—সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে নিহতের সমর্থক ও স্থানীয় রাজনৈতিক কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।